বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জ আদালত চত্বরে হামলার মামলায় এড. সাখাওয়াত হোসেন খানসহ ৬ জনের জামিন লাভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা জজ আদালত চত্বরে এক বিচারপ্রার্থী ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ১০০ টাকা বন্ডে সাখাওয়াতসহ এই মামলার ছয় আসামিকে জামিন প্রদান করেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন: সাখাওয়াতের অনুসারী তিন আইনজীবী খোরশেদ আলম, মো. আল আমিন ও বিল্লাল হোসেন, তার সহকারী (মুহুরি) হিরণ বাদশা ও রাসেল বেপারী।

আদালতে সাখাওয়াত হোসেন নিজেই তাদের পক্ষে শুনানি করেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) সাবেক এই সভাপতির সঙ্গে এজলাসে শুনানিতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বারী ভূঁইয়া, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন।

তবে, মামলার বাদী রাজিয়া সুলতানা জানিয়েছেন, শুনানির জন্য বাদীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, আদালতপাড়ায় অন্তত চারজন আইনজীবীর সঙ্গে কথা বললেও প্রভাবশালী বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাননি। এমনকি বাদী রাজিয়া সুলতানা আদালতের বারান্দায় উপস্থিত থাকলেও তাকে এজলাসে প্রবেশে সাখাওয়াত হোসেন খানের অনুসারী আইনজীবীরা বাধা দেন বলেও তিনি অভিযোগ করেন।

তবে, রাষ্ট্রপক্ষে আদালত পুলিশ শুনানিতে অংশ নিয়েছে এবং জামিনের বিরোধিতা করেছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, “আমি নিজে এজলাসে উপস্থিত ছিলাম। আমার নজরে কাউকে এজলাসে প্রবেশে বাধা দেওয়ার মতো ঘটনা আসেনি।”

জামিন পেয়ে বার ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “সব সময় আদালত প্রাঙ্গণকে পবিত্র রাখার চেষ্টা করেছি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিজেকে সোচ্চার রেখেছি। অথচ আজকে এই রকম একটা মিথ্যা ঘটনায় আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হলো। এই দুঃখ আমি কাউকে বুঝাতে পারবো না।”

উল্লেখ্য, ২০১১ সালে সারাদেশে আলোড়ন তোলা সাত খুন হত্যা মামলায় বাদী পক্ষের হয়ে আদালতে লড়ে আলোচনায় আসেন সাখাওয়াত হোসেন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী হলেও আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন তিনি।

গত রোববার আদালত প্রাঙ্গণে শহরের কালিরবাজারের স্যানিটারি ব্যবসায়ী মো. ইরফান মিয়া ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হন। পরে ইরফানের স্ত্রী রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যেখানে হামলার নির্দেশদাতা হিসেবে সাখাওয়াত হোসেনকেও আসামি করা হয়। তিনদিন পর মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102