নারায়ণগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা কমিটির পরিচিতি সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার আদায়ে ইনসাব-এর মতো সংগঠনগুলোর সুসংগঠিত হওয়া অত্যন্ত জরুরি।”
ইনসাব ফতুল্লা থানা কমিটির সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব হোসেন, মোঃ নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বালান, ইনসাব জেলা কমিটির সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, মোঃ শরিফ মিয়া এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বারসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইনসাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী এবং ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মুন্সী।
পরিচিতি সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।