বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

বন্দরে তীব্র গ্যাস সংকটে সড়ক অবরোধ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড এলাকায় তিতাস গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গ্যাস লাইন সংস্কার ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে দীর্ঘ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন হাজারো ভুক্তভোগী নারী-পুরুষ। সমস্যা সমাধানে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর অঞ্চলের ২১নং ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মো. মনির হোসেনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ ও শান্তিনগরসহ প্রায় ১২টি এলাকার মানুষ অংশ নেন। মানববন্ধন এক পর্যায়ে বিক্ষোভে রূপ নিলে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

গ্যাস না থাকায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, “তিতাস গ্যাস ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে গত তিন বছর ধরে আমরা সাধারণ মানুষ ভুগছি। সামান্য আয়ের অর্ধেকের বেশি টাকা চলে যায় লাড়কি কিনতে। এভাবে আর সংসার চলছে না।”

বৃদ্ধা হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বয়স হয়েছে, এখন আর ধোঁয়া সহ্য হয় না। লাড়কি দিয়ে রান্না করতে গিয়ে চোখের জৌতি কমে যাচ্ছে। সিলিন্ডার কেনার সামর্থ্য নেই, অথচ গ্যাস না পেয়েও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। জানি না কী পাপে এই বয়সে এমন শাস্তি পাচ্ছি।”

আন্দোলনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও বন্দর থানা বিএনপির সভাপতি এবং ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ।

সাবেক কাউন্সিলর হান্নান সরকার দ্রুত সময়ের মধ্যে তিতাস গ্যাস লাইন সংস্কারের দাবি জানান। অন্যদিকে, বিএনপি নেতা শাহেনশাহ আহম্মেদ তিতাস ও নাসিক কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী দুই দিনের মধ্যে সিটি কর্পোরেশনকে রোড কাটিংয়ের (রাস্তা কাটার) অনুমতি দিতে হবে। যদি জামানতের অর্থের জন্য অনুমতি আটকে থাকে, তবে আমি ব্যক্তিগত উদ্যোগে সেই টাকা জমা দেব। তবুও জনগণের ভোগান্তি দূর করতে হবে।”

সড়ক অবরোধের কারণে বন্দরের ত্রিবেনী ব্রিজ থেকে সোনাকান্দা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বন্দর থানা পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক এনামুল হক রোমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, সোনাকান্দা কিল্লা জামে মসজিদের সাবেক সহ-সভাপতি মোরসালিন, এনায়েত নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শাহিন, সমাজসেবক রাসেল কবির, খুকুমনি, শাওরীসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102