গত ৮ই অক্টোবর নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে আয়োজিত বিশাল পথসভায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই জহির আহমেদ সোহেল ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার সঙ্গে তাদের শোডাউনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে, এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, পথসভা চলাকালীন সময়ে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষিতে জহির আহমেদ সোহেল বলেন, “ট্রাফিকের দায়িত্বরত যে সকল শিক্ষার্থী মাঠে কাজ করছেন আমিও তাদের সাহায্য করি। কিন্তু সেদিন দুলালের সাথে শিক্ষার্থীদের যে ঘটনা ঘটেছে তা একটি অটো নিয়ে ঘটনা। দুলালের সাথে ঘটনার আর আমাদের পথযাত্রার কোন সাদৃশ্য নেই।”
তিনি আরও বলেন, “তারপরেও আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। প্রিয় ভাইয়েরা এ ছোট্ট একটি ঘটনাকে কিছু যড়যন্ত্রকারী মহল আমাদের নামে চালিয়ে দিয়েছে। এটি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পথযাত্রার সাথে বা পথযাত্রায় আগত কারো সাথে ঘটেনি।”
জহির আহমেদ সোহেল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব কোন কিছু ঘটলে তার সত্যতা যাচাই বাছাই করে এবং আমাদের বক্তব্য নিয়ে নিউজ করার জন্য অনুরোধ জানানো হলো।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এই পথসভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা। তবে পথসভার মাঝে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।