আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ যখন গভীর সংকটে নিপতিত, তখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি নিয়ে মাঠে নেমেছে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জমিয়তে উলামায়ে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ঘোষণা করেছেন, জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচনকে সফল করতে তাঁর দল বদ্ধপরিকর। তিনি একইসাথে দেশী-বিদেশী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে এক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা ফেরদাউসুর রহমান এসব কথা বলেন। মিছিলটি খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে কালীরবাজার গ্রীনলেজ ব্যাংকের মোড় ঘুরে চাষাঢ়া বিজয়স্তম্ভের কাছে এসে শেষ হয়।
সমাবেশে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আপনারা জানেন, দেশ এক গভীর সংকটে নিপতিত হয়েছে। মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং দেশী-বিদেশী চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাঙ্ক্ষার সেই নির্বাচনকে জমিয়ত প্রতিফলিত করবে।”
আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ঘোষণা করছি, আগামী নির্বাচনে জোট যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করব। যদি জোট অন্য কাউকে নমিনেশন দেয়, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার পাশে থেকে নির্বাচন করব।”
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, “নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, ব্যবসা-বাণিজ্য ভালো না, নারায়ণগঞ্জের মানুষ হা করে আছে। আমরা যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে সামনের কাতারে থেকে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব। আজকে যারা আমাদের পাশে ছিলেন, আগামীতেও তারা আমাদের পাশে থাকবেন।”
মিছিলে মাওলানা ফেরদাউসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলামী আমিনী, মাওলানা আব্বাস, মাওলানা ওসমান গনি সহ প্রমুখ নেতৃবৃন্দ।