মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কিশোর খুন: র‍্যাবের হাতে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৭ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় কিশোর গ্যাংয়ের মধ্যে পূর্ব শত্রুতা ও পূর্বে ঘটে যাওয়া এক মারামারির জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গত ২৩ মে ২০২৫, শুক্রবার, আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী সাকিনস্থ ডিএন্ডডি লেকপাড় হৃদয় ক্লাবের সামনে আব্দুল্লাহ খান রায়হান তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এসময় গ্রেফতারকৃত আসামিসহ আরও ১৪/১৫ জন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের মধ্যে একজন তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে রায়হানের বুকের বাম পাশে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত রায়হানকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রায়হানের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর র‍্যাব-১১ জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শনিবার (২৪ মে ২০২৫) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি – ৪নং আসামি মোঃ হৃদয় (৩০), পিতা- মোঃ আব্দুস সামাদ, সাং- নয়াপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৮নং আসামি আল আমিন (২০), পিতা- মনির হোসেন, সাং- গঙ্গাবর, মাইজদী, থানা- নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102