সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা, মানসিক বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের প্রতি নিয়মিত নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলকেন্দ্রিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থীকে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা সহজে পরিবারের কাছে বলতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে মাদক, অনলাইন আসক্তি ও অন্যান্য ক্ষতিকর প্রবণতা থেকে দূরে থাকে, সে বিষয়ে পরিবারকে সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুশিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।