বিজ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চাই
বিশ্ববিখ্যাত পাঁচ বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জামাল নজরুল ইসলাম স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সাবেক উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক শামীম জামান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। ১১টায় চুনকা পাঠাগার মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। আরও বক্তব্য রাখেন মিহির আলী কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক সঞ্জিৎ কুমার বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রীনা মুমু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজ্ঞান উৎসব ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাতী আক্তার।
রাজেকুজ্জামান রতন বলেন, সমাজব্যাপী অন্ধবিশ্বাস, কূপমণ্ডূকতা দূর করে মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমাদের শাসকগোষ্ঠী বিজ্ঞানচর্চা, বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে উদাসীন। এটা বুঝতে পারি যখন দেখি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গবেষণায় বরাদ্দ নামমাত্র। শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষা সংকুচিত। আজকের বিজ্ঞান উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও উৎসাহ বলে দিচ্ছে আমাদের যুবসমাজ যুুক্তিবাদ ও বিজ্ঞান নিয়ে কাজ করতে চায়। অন্ধবিশ্বাস ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে ছাত্র-যুবসমাজকে বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দূষণ নিয়ে বলেন, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দুটি প্রধান নদী চরম দূষণ হয়ে প্রায় নর্দমায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে মুখে রুমাল চেপে নদী পারাপার হতে হয়। অথচ দূষণ বন্ধে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। দূষণের জন্য দায়ী বিভিন্ন রুই-কাতলা মিল-কারখানার মালিকদের বিরুদ্ধে সরকারের কোন কার্যকরী দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেই।
সরকার বিদ্যুৎ সংকট নিরসনে অনেক বিকল্প ব্যবস্থা থাকার পরেও সাম্রাজ্যবাদের স্বার্থে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা করছে। ফুলবাড়ীবাসী এটা বাতিলের দাবিতে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে।
বিজ্ঞান উৎসব উপলক্ষে পাঁচ বাঙালি বিজ্ঞানীর কর্ম ও সাধনার ওপর নারায়ণগঞ্জে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।