পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৮ শতাধিক পরিবারের সদস্যদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ৫০০ গ্রাম বেসন।
খাদ্যসামগ্রী বিতরণকালে শওকত হাশেম শকু বলেন, “আজ আমরা ৮শ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করছি। আশা করছি এর মাধ্যমে তাদের চাহিদা কিছুটা লাঘব হবে। আমি এখন কাউন্সিলর নই, তবুও আমি বসে নেই। আমি সবসময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। ২০০৪ সাল থেকে আমার এই পথচলা অব্যাহত আছে।”
তিনি আরও বলেন, “শুধু রমজানের শুরুতেই নয়, রমজানের মাঝামাঝি সময়ে আমরা গরুর মাংস এবং ঈদের আগে উন্নত মানের খাবার বিতরণ করে থাকি। আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি অংশগ্রহণ করেছেন, তিনি সবসময়ই এই ভালো কাজে শরিক থাকেন।”
বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সদ্য প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি নবনির্বাচিত এমপি আবুল কালামের সফলতা কামনা ও নিজের মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও খন্দকার এনামুল হক স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।