বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সাংসদ এডভোকেট দেলোয়ার হোসেন খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৭ নভেম্বর ) বিকাল ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। প্রয়াত নেতা স্মৃতি সংসদের আয়োজনে এবং জনাব আবু সুফিয়ানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা শিল্পাঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা সর্ব জনাব বাদল প্রধান, হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবির মোল্লা, শাহজাহান প্রধান, মোঃ ইউছুপ, অলোক চৌধুরী, ফরিদা ইয়াসমিন, রেহানা বেগম, শিউলি আক্তার, কবির হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এডভোকেট দেলোয়ার হোসেন খানের বর্ণাঢ্য শ্রমিক রাজনীতির কর্মময় জীবন এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেলোয়ার হোসেন খান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু এবং তাদের অধিকার আদায়ের আপসহীন সৈনিক। তার আদর্শ ও সংগ্রাম আজও শ্রমিক সমাজকে অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে মরহুম এডভোকেট দেলোয়ার হোসেন খানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।