মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস পূর্তি উপলক্ষে আগামী ৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৬টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এক আলোকপ্রজ্জ্বলন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সোমবার (৬ অক্টোবর) জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস। শেখ হাসিনা সরকার দীর্ঘ সাড়ে এগারো বছর এ বিচার প্রক্রিয়া বন্ধ করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করলেও অভিযোগপত্র এখনও আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা এবং রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আরও জানায়, ত্বকী হত্যার ১৫১ মাস উপলক্ষে ত্বকীসহ নারায়ণগঞ্জ ও দেশের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই আলোকপ্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর তীরে তার লাশ পাওয়া যায়। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এর বিচার দাবিতে নারায়ণগঞ্জসহ সারাদেশে দীর্ঘ আন্দোলন গড়ে ওঠে।