তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর দুই মাস অতিক্রান্ত হলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দেশের রাজনৈতিক পটে বড় পরিবর্তন এলেও এবং একাধিক সরকার ক্ষমতায় আসলেও ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা না দেওয়াকে বিচারহীনতার এক ‘নগ্ন উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ত্বকী হত্যার বিচারের দাবিতে আগামী ২২ মে, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে এক বিশাল ‘ত্বকী সমাবেশ’-এর আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্বকীকে হত্যার পর দীর্ঘ সাড়ে এগারো বছর ছিল শেখ হাসিনার শাসনামল, এরপর দেড় বছর ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে দেশে বিএনপির শাসনামল চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার বদলালেও দেশে বিচারহীনতার চরিত্র বদলায়নি। ত্বকী হত্যার অভিযোগপত্র এখনও আদালতে জমা দেওয়া হয়নি, যা দেশের বিচার ব্যবস্থার জন্য একটি কলঙ্কজনক অধ্যায়।
আগামী ২২ মে’র এই প্রতিবাদী সমাবেশে শুধু বক্তব্য নয়, বরং শৈল্পিক ও সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে ন্যায়বিচারের দাবি তোলা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবাদী কথা, কবিতা পাঠ, গান, নাটক, ছবি আঁকা ও পারফর্মিং আর্ট। এই সমাবেশে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সংহতি প্রকাশ করতে উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জের চাষাড়াস্থ জা সুপার মার্কেটে অবস্থিত কার্যালয় থেকে প্রেরিত এই বার্তায় আয়োজকরা বলেন, “ত্বকী হত্যা আজ কেবল একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং এটি বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের একটি প্রতীকে পরিণত হয়েছে।”
উক্ত সমাবেশ সফল করতে এবং ত্বকীর বিচারের দাবিতে সোচ্চার হতে দেশের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।