নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মাহবুবুর রহমান বলেন, “রূপগঞ্জ ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। এখানে দলটির ভোটব্যাংক দীর্ঘদিনের সুসংগঠিত এবং সক্রিয়। স্থানীয়ভাবে বিএনপির যে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা রয়েছে, তা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি ভূঁইয়া পরিবারের সামাজিক প্রভাব এবং ব্যক্তিগতভাবে দিপু ভূঁইয়ার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে আলাদা আস্থা তৈরি করেছে।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাহবুবুর রহমান। তিনি স্থানীয় বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রার্থীর পক্ষে সুশৃঙ্খল প্রচারণা চালিয়েছেন। তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন দলের বার্তা।
রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, নারায়ণগঞ্জের অন্যান্য আসনে বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপি কিছুটা চাপে থাকলেও রূপগঞ্জে বর্তমানে সে সংকট নেই। ছাত্রদলের সাবেক নেতা দুলাল শুরুতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামলেও পরবর্তীতে দল থেকে বহিষ্কারের পর নিজের ভুল বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দিপু ভূঁইয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান। এর ফলে রূপগঞ্জ বিএনপিতে এখন একক আধিপত্য ও ঐক্য বজায় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিপু ভূঁইয়া দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, এই আসনে দিপু ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তবে বিএনপির সুসংগঠিত অবস্থান ও বর্তমান জোয়ার দিপু ভূঁইয়াকে জয়ের পথে অনেকটাই এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।