মঙ্গলবার ৭ এপ্রিল বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের ১৮ নবাব সলিমুল্লাহ রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হোমায়রা খাতুন।
জেলা সভাপতি এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জেলা সমাজকল্যাণ সম্পাদক নাসরিন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মলগ্ন থেকেই নারায়ণগঞ্জ জেলা নানামুখী সমাজকল্যাণমূলক কাজ করে চলেছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, দু:স্থ কর্মী ও নির্যাতিত নারী-শিশুর চিকিৎসার ব্যবস্থা, শীতবস্ত্র, ঈদ বস্ত্র, ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় দুর্যোগ- বন্যা, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস আক্রান্ত অঞ্চলে ত্রাণ ও ঔষধ বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে বছরব্যাপী তৈরি খাদ্য ও শিশু খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও অক্সিমিটার, থার্মোমিটার, জীবাণুনাশক সাবান, মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।ব্রেস্ট ও জরায়ু ক্যানসার প্রতিরোধে সচেতনতামুলক সভা, মাতৃত্ব দিবস পালন, মাতৃস্বাস্থ্য দিবসে নারীদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। কিছু দুঃস্থ কর্মীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহিলা পরিষদ সমাজে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছেন।
বক্তব্যে আরও বলেন, আজ তৈরি পোশাক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হলো। কেন্দ্রীয় অফিস থেকে প্রাপ্ত তিনটি সেলাই মেশিন দিয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। দুঃস্থ কর্মী ও সমাজে পিছিয়ে পড়া নারীদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। আশার কথা হলো- আজ দলিত সম্প্রদায়ের ৩জন তরুণীসহ অনেক নারী প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। জেলা কমিটির কয়েকজন সংগঠক দ্বারা এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
সভার অতিথিসহ সকলের প্রত্যাশা- এই উদ্যোগ সফল হবে। নারীর আত্ম কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থায় বিশেষ ভূমিকা পালন করবে। যা পরিবার ও সমাজ উন্নয়নে প্রভাব ফেলবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সদস্য ডাঃ তাসনিম তামান্নাসহ জেলা সংগঠক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।