নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (০৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করে ১.০২ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কাঁচপুর মৌজার ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬ নম্বর দাগের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সেখানে অস্থায়ীভাবে গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। জনস্বার্থে আজ দিনব্যাপী অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খান।
অভিযান চলাকালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও কাঁচপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সার্ভেয়ার উচ্ছেদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।