নারায়ণগঞ্জের ফতুল্লাধীন কাশিপুরের রাজনীতি ও সমাজসেবার অঙ্গনে এক পরিচিত নাম আরিফুল ইসলাম টিটু ঢালী। কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক। বর্তমানে তিনি কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আরিফুল ইসলাম টিটু ঢালী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের একজন কেন্দ্রীয় সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাজনৈতিক রোষানলের শিকার হয়েও তিনি রাজপথ ছাড়েননি। নানা প্রতিকূলতা ও ত্যাগের বিনিময়ে তিনি দলীয় আদর্শে অবিচল থেকেছেন। তবে রাজনীতির কঠিন পথচলার পাশাপাশি তিনি সবসময় নিরবে-নিভৃতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, কাশিপুরের যেকোনো সামাজিক সমস্যায় সবার আগে এগিয়ে আসেন টিটু ঢালী। বৈশ্বিক মহামারি করোনার সময় যখন মানুষ গৃহবন্দী ছিল, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়লে নিজস্ব উদ্যোগে মশক নিধন কর্মসূচি পরিচালনা করে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এছাড়াও প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ তার নিয়মিত কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে।
নিজের এই জনকল্যাণমূলক কাজ সম্পর্কে আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “রাজনীতি মানেই জনগণের সেবা করা। পদ-পদবি বড় কথা নয়, সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারাটাই আমার জীবনের বড় তৃপ্তি। বিগত দিনে শত জেল-জুলুম সহ্য করেও আমি মানুষের পাশ থেকে সরে যাইনি। আগামীতেও কাশিপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”
ব্যক্তিগত জীবনে সদালাপী ও পরোপকারী এই নেতা কাশিপুরের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার সমাজ গঠনে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তার এই মানবিক কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হচ্ছে।