“লুকিয়ে থাকা আলোর সন্ধানে দুরন্ত অভিযানে এগিয়ে চলা”—এই স্লোগানকে সামনে রেখে ‘মায়ের আঁচল’ সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও নজরুল স্মৃতি সম্মাননা স্মারক ২০২৬’ প্রদান করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট সমাজসেবক ও সরকারি কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক হানিফ সরদার, মজিবর সরকার, জেলা কালচারাল অফিসার শারমিন জাহান প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাআসাপ অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন উপদেষ্টা সম্পাদক প্রফেসর মো. আমির হোসেন। প্রধান আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
বর্ণাঢ্য এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে কবিতা পাঠ, গুণিজন সম্মাননা প্রদান, ‘মায়ের আঁচল’ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় দেশ-বিদেশের বরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সুরকার, গীতিকার ও আবৃত্তি শিল্পীরা অংশ নেয়।