দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু এবং নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনার পর সোনারগাঁও উপজেলা যুবদলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।