আগামী ১২ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র প্রথম কেন্দ্রীয় কাউন্সিল। সংগঠনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার শীর্ষ চার নেতাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।
কাউন্সিলর হিসেবে নির্বাচিতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান ও জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর শাখা থেকে কাউন্সিলর হয়েছেন মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম এবং মহানগর সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় এই কাউন্সিলের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নারায়ণগঞ্জের এই তরুণ চার নেতার কেন্দ্রীয় কাউন্সিলে অন্তর্ভুক্তির বিষয়টি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
মনোনীত নেতারা জানান, কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়া তাদের জন্য গর্বের। সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে আগামী দিনে ছাত্র অধিকার ও জাতীয় স্বার্থে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে জাতীয় ছাত্রশক্তির এই প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।