উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান উপভোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে নারায়ণগঞ্জ জেলা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জেলাটি মোট তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে। এর মধ্যে সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেলার ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’, এছাড়া জেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা’ এবং ‘শ্রেষ্ঠ কাব শিশু’ ক্যাটাগরিতে নারায়ণগঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করে।
দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে জেলাজুড়ে শুরু হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ন্যূনতম ৩টি করে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। দেওভোগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জ জেলা সারা দেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারের তিনটি পদক জয় সেই সাফল্যেরই স্বীকৃতি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।