সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতার বাস্তবতায় জনআস্থা অর্জনের মাধ্যমেই নারায়ণগঞ্জ কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সম্প্রতি নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যরা সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেনের নেতৃত্বে এমপি আবুল কালামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে এমপি আবুল কালাম কলেজের ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “নারায়ণগঞ্জ কলেজের আশেপাশে বেশ কিছু সরকারি কলেজ রয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের আগ্রহ সরকারি প্রতিষ্ঠানের প্রতি বেশি থাকে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের টিকে থাকতে হবে। জনআস্থা অর্জন করতে পারলে এই কলেজ শহর ও জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।”
কলেজটির নামকরণের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “১৯৮০ সালে আমার বাবা তৎকালীন সংসদ সদস্য আলহাজ জালাল উদ্দিন আহমেদ এই কলেজটি প্রতিষ্ঠা করেন। অনেকে তার নামে কলেজের নাম রাখার প্রস্তাব দিলেও তিনি নারায়ণগঞ্জের নামকে প্রাধান্য দিয়েছেন। আমি নিজেও সেই ধারা বজায় রেখেছি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান দক্ষ গভর্নিং বডির নেতৃত্বে কলেজটি আরও সুনাম অর্জন করবে।
অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন সংসদ সদস্যের দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজের মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।
২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি:
২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত গভর্নিং বডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন: বিদ্যোৎসাহী সদস্য: মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম। দাতা সদস্য: প্রবীর কুমার সাহা। হিতৈষী সদস্য: আবুল কাউসার আশা। অভিভাবক প্রতিনিধি: অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু। শিক্ষক প্রতিনিধি: মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান। সদস্য সচিব (পদাধিকারবলে): অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ফয়সল আজিজ তুষার।