নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের এক বিশেষ অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি এবং পেশাদার ডাকাতসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার মর্দাসাদী ও শ্রীনিবাসদী এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ‘সি সার্কেল’-এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে জেলা পুলিশ লাইন্স থেকে ৪০ জন এবং আড়াইহাজার থানার ২৫ জনসহ মোট ৬৫ জন পুলিশ সদস্যের একটি বিশাল দল অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃতরা হলেন— স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী মোঃ সুমন মিয়া (৩২), পেশাদার ডাকাত হৃদয় (৩৭), এবং দুই দুষ্কৃতকারী ডালিম (৫০) ও শাহ পরান (২৭)।
পুলিশ জানায়, অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে চিহ্নিত অপরাধীদের ধরতে এই ব্লক রেইড বা চিরুনি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সুমন মিয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এবং হৃদয় দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত ডাকাত দলের সদস্য।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।