নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু হয়েছে সিটি করপোরেশন নির্বাচনের উত্তাপ। চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর দলীয় কার্যালয়—সবখানেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন নগরপিতা? এই নির্বাচনী হাওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি নাম—তরুণ ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে রাকিবুল ইসলাম রাকিবের রাজনৈতিক প্রজ্ঞা ও কারিশমা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বড় ভাই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভাইয়ের এই বিজয়ের নেপথ্যের মূল কারিগর ছিলেন রাকিব। দীর্ঘদিনের কোন্দল ভুলে আড়াইহাজার বিএনপিকে এক সুতোয় গেঁথে অভূতপূর্ব এক রাজনৈতিক ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, যা দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রশংসিত হয়েছে।
তবে রাকিবুল ইসলাম রাকিবের সফলতা এখানেই শেষ নয়, নারায়ণগঞ্জের নির্যাতিত নেতাকর্মীদের কাছে তিনি এক আবেগের নাম। বিগত ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে যখন হামলা, মামলা আর নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা দিশেহারা; যখন ভয়ে অনেকেই আত্মগোপনে, ঠিক সেই অমানিশায় ছায়ার মতো সবার পাশে থেকেছেন রাকিব।
রাজনীতির সামনের সারিতে দাঁড়িয়ে কোনো পদ-পদবির মোহ না দেখিয়ে, নিঃস্বার্থভাবে বিপন্ন নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। কারাবন্দি নেতাকর্মীদের আইনি সহায়তা থেকে শুরু করে তাদের অসহায় পরিবারগুলোর ঘরে খাবার পৌঁছে দেওয়া—সবকিছুই তিনি করেছেন নীরবে, নিভৃতে। এমনই সাহসী তরুণকে এবার নগরপিতা হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা।
জেলার একাধিক প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীরা জানান, “বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ে যখন নিজের আত্মীয়-স্বজনও ভয়ে খোঁজ নিত না, তখন রাকিবুল ইসলাম রাকিব আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি শুধু আজাদের ভাই নন, তিনি দুর্দিনে নিজেকে জাহির না করে পাশে রয়েছেন। নাসিক নির্বাচনে দল যদি তাকে মূল্যায়ন করে, তবে নারায়ণগঞ্জের আপামর জনতা পাশাপাশি তরুণ ভোটাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
একজন সফল তরুণ ব্যবসায়ী হিসেবে রাকিবুল ইসলাম রাকিবের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে। পাশাপাশি সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয়। নারায়ণগঞ্জের সাধারণ ভোটাররা মনে করছেন, আধুনিক, বাসযোগ্য ও যানজটমুক্ত একটি স্মার্ট নারায়ণগঞ্জ সিটি গড়তে রাকিবের মতো একজন ডায়নামিক, শিক্ষিত ও মানবিক তরুণ নেতৃত্বের বিকল্প নেই।
সিটি নির্বাচনে দলের মনোনয়ন পেলে অভিজ্ঞতা দিয়ে নারায়ণগঞ্জ সিটিতেও তিনি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। এখন শুধু সময়ের অপেক্ষা, দল এবং নগরবাসী এই তরুণ ও পরীক্ষিত নেতাকে কীভাবে মূল্যায়ন করে।