নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ আজ বক্তাবলি ইউনিয়নে গণসংযোগ করেন এবং তার নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান,ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন, বেলাল হোসাইন, ফতুল্লার ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম মাহমুদ বলেন, ভোটের লড়াই হোক নীতির লড়াই—গণমানুষের অধিকার আদায়ের লড়াই। একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণের দীর্ঘদিনের লড়াইয়ে আমি আপনাদের একজন সহযোদ্ধা।
নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতা হলো—কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। অথচ গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজন এসব অপশক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সমাজের সকল স্তরে জবাবদিহির প্রতিষ্ঠা—যা আজ জনগণের অন্যতম প্রধান দাবি।