প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “দুনিয়াতে আমাদের শীত-গরমসহ নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়। কিন্তু জান্নাতে কোনো দুঃখ-কষ্ট বা সমস্যা থাকবে না। সেই জান্নাত লাভের জন্য আমাদের নিয়মিত নামাজ আদায় করতে হবে।” তিনি উপস্থিত সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সমাজে যদি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো, তবে আপনাদের আজ শীতবস্ত্র নিতে এখানে আসা লাগতো না। বরং রাষ্ট্রপ্রধান নিজেই আপনাদের বাসায় গিয়ে প্রয়োজনীয় শীতবস্ত্র পৌঁছে দিয়ে আসতেন। জামায়াতে ইসলামী সেই ইনসাফভিত্তিক সমাজ গড়ারই কাজ করে যাচ্ছে।”
দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে আমাদের দেশে আর কোনো মানুষ শীতবস্ত্রের অভাব বোধ করতো না। মানবতার সেবায় সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত।”
বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থেকে এলাকার শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন। বক্তারা আগামীতে এই ধরণের মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।