নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৩ মাস পূর্ণ হতে চলেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আগামী ৮ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) আলোক প্রজ্বলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই আলোক প্রজ্বলন করা হবে।
নিহত ত্বকীর পরিবার ও নাগরিক সমাজের অভিযোগ, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সাড়ে এগারো বছর ধরে অদৃশ্য ইশারায় এই নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের বৈষম্যমূলক আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতির এক নগ্ন উদাহরণ হিসেবে তারা ত্বকী হত্যা মামলাকে অভিহিত করেছেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদলের পর ত্বকীর বিচার প্রক্রিয়া পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলেও, এখন পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১৫৩ মাস অতিবাহিত হওয়ার পরও বিচার না পাওয়াকে রাষ্ট্রের বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা হিসেবে দেখছেন তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পরপরই ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে মামলা করেন এবং নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তিকে এই হত্যার জন্য দায়ী করেন। তদন্তকারী সংস্থা র্যাব তদন্ত শেষ করে খসড়া অভিযোগপত্র তৈরি করলেও বিগত সরকারের সময়ে তা আদালতে পেশ করা হয়নি।
দীর্ঘ এই অচলাবস্থা কাটিয়ে দ্রুত বিচার কার্যকরের দাবিতে সোমবারের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।