বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের বন্দরে দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রাইম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর উপজেলার আওতাধীন বন্দর ইউনিয়নের মিরকুন্ডির বিবিজোড়া এলাকার পরেশ সাধুর আশ্রমে এই কর্মসূচি পালিত হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম শুরুর পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেয়ার সোসাইটির চেয়ারম্যান ডা. সঞ্জিত কুমার দাস।
সেবা নিতে আসা রোগীরা জানান, দলীয় মনোনয়নের প্রাথমিক তালিকায় নাম না থাকা সত্ত্বেও হতাশ না হয়ে আবু জাফর আহমেদ বাবুল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিয়মিত হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করে যাচ্ছেন। আজ সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় আয়োজিত এই দোয়া মাহফিল ও চিকিৎসা সেবার জন্য তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।