নারায়ণগঞ্জ জেলার জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলাজুড়ে এক বিশাল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারীসহ মোট ১২২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সরাসরি নির্দেশনায় ও নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার। তাঁদের বিশেষ তত্ত্বাবধানে জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। মাত্র তিন ঘণ্টার এই ঝটিকা অভিযানে অপরাধ জগতের ১২২ জনকে জালে বন্দি করতে সক্ষম হয় জেলা পুলিশ।
অভিযানে মূলত মাদক বিক্রেতা, মাদকসেবী, জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের লক্ষ্য করে চিরুনি তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল (রবিবার) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিরাপদ ও শান্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং কালচার নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেছে জেলা পুলিশ। “জনগণের পাশে নারায়ণগঞ্জ জেলা পুলিশ”—এই অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।