নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের (আইটিয়ান) ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বাদ আছর শহরের চাষাঢ়াস্থ বালুর মাঠ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আছর নামাজ আদায়ের মধ্য দিয়ে ইফতার আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সকল বন্ধুদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সবাই আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার শেষে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
ইফতার ও আহারের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যা মূলত রূপ নেয় এক মহামিলনমেলায়। দীর্ঘদিন পর স্কুলজীবনের বন্ধুদের কাছে পেয়ে সবাই যেন ফিরে যান সেই সোনালী অতীতে। শুরু হয় পুরনো বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও কুশল বিনিময়। একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা আর সেলফি তোলায় মেতে ওঠেন সবাই। পাশাপাশি আনন্দঘন এই মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে বিনোদনেরও নানা ব্যবস্থা রাখা হয়েছিল।
বহুদিন পর ইফতার পার্টিকে কেন্দ্র করে ৯৮ ব্যাচের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো রেস্টুরেন্ট জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে ভরা এই আয়োজনের শেষে ভবিষ্যতে আবারও নতুন কোনো কর্মসূচির মাধ্যমে সকল বন্ধুদের নিয়ে এমন মিলনমেলার আয়োজন করা হবে— এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।