সনাতন ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা বোধ জাগিয়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) শহরের দেওভোগ আখড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই শিক্ষালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি এবং লোকনাথ গীতা শিক্ষালয়ের পরিচালক প্রদীপ সরকারের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল— শিক্ষালয়ের শুভ উদ্বোধন, পবিত্র গীতা পাঠ, শিক্ষার্থীদের মাঝে গীতা দান, শিক্ষার্থীদের সৌন্দর্য বর্ধনকল্পে টি-শার্ট ও ক্যাপ বিতরণ, শিশু-কিশোরদের সমবেত গীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। এছাড়া উপস্থিত মায়েদের জন্য উলুধ্বনি, শঙ্খধ্বনি ও চেয়ার খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দেওভোগ আখড়া মন্দির প্রাঙ্গণ সনাতন ধর্মাবলম্বীদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এবং সঞ্চালনায় ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে গীতা শিক্ষালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরম পূজ্যপাদ স্বামী একনাথানন্দজী মহারাজ, শ্রী শ্যামল চক্রবর্তী, শ্রী অনিল চক্রবর্তী ও দীপংকর চক্রবর্তী।
আয়োজকরা জানান, আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকার অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এই গীতা শিক্ষালয়ের কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম সরকার, বাংলাদেশ গীতা পরিষদের সভাপতি শ্রী বিজয় চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী বিজয় কান্তি ধর, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্রী পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা এবং বাংলাদেশ গীতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী ফণী ভূষণ বিশ্বাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিমল চক্রবর্তী ও শ্রী গৌর মোহন দাস, সেমিনার বিষয়ক সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিষ্ণুপদ সাহা, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী কৃষ্ণা আচার্য, জেলার প্রচার সম্পাদক শ্রী তপন গোপ সাধু, বন্দর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বিশ্বাস, সৎসঙ্গ ও পূজা পরিষদের নেতা শ্রী বিশ্বজিৎ সাহা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নবগঠিত শিক্ষালয়ের শিক্ষার্থী এবং জেলা ও মহানগর পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।