আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিআরপি মনোনীত ও ‘হাতী’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ফতুল্লার পাগলা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
সকাল থেকেই মোহাম্মদ আলী তাঁর সমর্থকদের নিয়ে পাগলা বাজার, নূরবাগ, দেলপাড়া, মিসির আলী কলেজ সংলগ্ন এলাকা এবং নন্দলালপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালান। এসময় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করে ‘হাতী’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালীন এক পথসভায় মোহাম্মদ আলী বলেন, “আমার প্রতিটি নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা দেখে আমি অভিভূত। জনগণের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে।”
এলাকার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “যদি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তবে অত্র এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে আমি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের উদ্যোগ নেব। এই জনপদের অবহেলিত মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”
নির্বাচনের ফলাফল নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বিআরপি প্রার্থী আরও বলেন, “এবারের নির্বাচনে জনগণের মধ্যে একটি নিরব ভোট বিপ্লব হবে বলে আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হাতী প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে বিআরপি’র স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।