নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমীর ‘খেজুর গাছ’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা হাজী সুমন মাহমুদ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে এনায়েতনগর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে এই প্রচারণায় নামেন তৃণমূলের নেতাকর্মীরা।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণের মাধ্যমে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে হাজী সুমন মাহমুদ বলেন, “দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা মাঠে নেমেছি। নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের জোটের প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমীকে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা চাই এলাকায় একটি শান্তিপূর্ণ এবং উন্নয়নের পরিবেশ। জননেতা জাকির খানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগামী নির্বাচনে খেজুর গাছ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমরা রাজপথে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, “এলাকার সাধারণ মানুষ পরিবর্তন চায়। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আশা করি, ভোটাররা সঠিক প্রতীক বেছে নিয়ে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন।”
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।