নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ২৪ এপ্রিল দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৯৯৯ সালে আড়াইহাজার থানায় সংঘটিত এক হত্যা মামলায় (মামলা নং-৫ (৩) ৯৯, ধারা-৩৯৩/৩০২/৩৪ পেনাল কোড) জহিরুল ইসলামকে অভিযুক্ত করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তবে রায় কার্যকর হওয়ার আগেই তিনি পলাতক অবস্থায় ছিলেন প্রায় ২৬ বছর।
র্যাব-১১, সিপিএসসি কোম্পানির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করে। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাজবী গ্রামে, তবে তিনি ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে পলাতক এই আসামিকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠায় সাফল্য অর্জন করা হয়েছে।