নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তাঁর সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, নার্গিস মাকসুদ ফরাজিকান্দা এলাকার বাড়ি বাড়ি গিয়ে এবং পথচারীদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
গণসংযোগকালে তিনি স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিভিন্ন উন্নয়ন ভাবনা ও নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে তুলে ধরেন। এলাকার উন্নয়নে মাকসুদ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।