আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বন্দরের ২৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। আজ শনিবার বিকেল ৪টায় ঐতিহাসিক স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জকে সম্প্রীতির শহর হিসেবে উল্লেখ করে বলেন, “এই শহরে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। এই ভ্রাতৃত্ব, সহাবস্থান ও সহনশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সম্মিলিত সংস্কৃতির প্রতীক।”
তিনি আরও বলেন, “আমি ও আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আমাদের পরিচয় একটাই- আমরা সবাই বাংলাদেশি। তাই কেউ যেন আমাদের নিয়ে রাজনীতি করতে না পারে।”
মাসুদুজ্জামান মাসুদ এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং পূজার আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ সত্যিকার অর্থেই সম্প্রীতির শহর হিসেবে পরিচিতি লাভ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভয় কুমার রায় এবং বাংলাদেশ পূজা ফ্রন্টের সদস্যসচিব কার্তিক ঘোষ, গোপিনাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি ভবানী শংকর রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মাহবুবু উল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহমেদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খান এবং মহিলা দলের নেত্রীবৃন্দ নুরুন্নাহার, শাজেদা খাতুন, লিপি খন্দকার, রোজিনা মেম্বার ও নাজমা বেগম।