বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি গণতন্ত্রের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান কাণ্ডারি, বিএনপির চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”
তিনি আরও বলেন, “বিএনপি মানেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজ দেশের সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় অগ্রভাগে থেকেছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।”
সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় রিপন উল্লেখ করেন যে, বিএনপির রাজনীতি হলো মানুষের সেবার রাজনীতি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশপ্রেম ও শৃঙ্খলার সাথে দলের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরিশেষে তিনি বলেন, “আসুন, বিভেদ ভুলে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আবারও প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানাই।”
উল্লেখ্য, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।