নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ আইন লঙ্ঘন ও বিধি বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সোমবার (১ এপ্রিল) উপজেলার কেওডালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কেওডালা এলাকার ইটভাটাগুলোতে আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ‘মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস’ এবং ‘মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফ্যাকচার্স’ নামক দুটি ইটভাটায় পৃথক দুটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের সার্বিক দিকনির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ ইটভাটা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।