শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের গলায় পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে তাঁর ভূমিকার স্বীকৃতিও এই পদকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের এই অর্জনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর এ সম্মাননা জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
একই সঙ্গে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে এ অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য উৎসাহের অনুষঙ্গ হয়ে থাকবে।