বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ধৃষ্টতাপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের ২ নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে নাসির উদ্দিন পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান শোনা যায়। মিছিলটি চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। এখানে রাজনীতি করতে হলে শালীনতা বজায় রেখে করতে হবে। জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো দেশের আইন মেনে রাজনীতি করবে—সেটি স্বাভাবিক। কিন্তু গোপনে বা কোনো গুপ্ত সংগঠনের আড়ালে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না।”
তিনি আরও বলেন, “দেশের ৯৫ শতাংশ মানুষ আজ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি দেশের মানুষকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন। অথচ একটি পক্ষ আজ ফ্যাসিবাদের ইন্ধনে সেই গণতন্ত্রকে নসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা কটূক্তি মেনে নেওয়া হবে না। যেকোনো মূল্যে এই অপশক্তিকে আমরা রুখে দেব।”
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বরকত উল্লাহ ও ফারুক হোসেন।
এছাড়া আরও অংশ নেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সদর বিএনপির চঞ্চল ও নাজমুল হক, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না এবং গোগনগর ও আলীরটেক ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।